বগুড়ায় বাসচাপায় সাত দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বগুড়ায় বাসচাপায় সাত দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বগুড়া সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় সাত শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 

আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান এতথ্য জানান।

এর আগে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উঠে যায়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত শ্রমিকের মৃত্যু হয়।

আহত হন অন্তত ১৫ জন।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাসুদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন- জেলা পুলিশের একজন প্রতিনিধি এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু হয়েছে। এ ছাড়া সরকারি বিধি অনুযায়ী নিহতদের প্রত্যেক পরিবারের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারের জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা শুক্রবারই দেওয়া হবে।

তিনি আরও জানান, আহতদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বিনামূল্যে চিকিৎসা ও সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।

আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, যারা স্বেচ্ছায় রক্ত দিতে আগ্রহী, তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে যোগাযোগ করতে পারেন।

দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179049