বগুড়ায় বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৭
অনলাইন ডেস্ক : বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
শুক্রবার (৭ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় মিলেছে৷ নিহতরা হলেন- বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩) ও আবদুর রহিম (৪৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি রাস্তার পাশে কাজের সন্ধানে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়ায়।
বগুড়া সদর থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসা চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179032