নতুন বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কাইরন পোলার্ডকে ছাড়িয়ে এই সংস্করণের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠেছেন তিনি।
দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওয়েলশ ফায়ারের বিপক্ষে মাত্র ২০ বলে অপরাজিত ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেন বাটলার। তার ইনিংসে ছিল ২টি চার ও ৬টি ছক্কা।
ম্যাচের আগে বাটলারের টি-টোয়েন্টি ক্যারিয়ারে রান ছিল ১৪ হাজার ৭৮২। পোলার্ডের ১৪ হাজার ৮০৩ রান টপকাতে প্রয়োজন ছিল ২২ রান। সেই লক্ষ্য সহজেই পেরিয়ে ইনিংস শেষে বাটলারের মোট রান দাঁড়ায় ১৪ হাজার ৮৩৩।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পোলার্ডের তুলনায় অনেক কম ইনিংস খেলেই এই রেকর্ড গড়েছেন বাটলার। পোলার্ড ৬৬৩ ইনিংসে ১৪ হাজার ৮০৩ রান করেছিলেন। বিপরীতে বাটলার মাত্র ৪৯২ ইনিংসেই ১৪ হাজার ৮৩৩ রান করেছেন। অর্থাৎ, ১৭১ ইনিংস কম খেলেই তিনি পোলার্ডকে ছাড়িয়ে গেছেন।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এর আগে দীর্ঘদিন শীর্ষে ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। পরে তাকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেন পোলার্ড। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন বাটলার।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাটলারের রয়েছে ৯টি সেঞ্চুরি ও ১০৬টি হাফ সেঞ্চুরি। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৪ হাজার ২১২ রান। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল, এসএ২০ ও দ্য হান্ড্রেডসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত পারফর্ম করে এই মাইলফলকে পৌঁছেছেন ৩৫ বছর বয়সী এই ইংলিশ তারকা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179016