অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সেঞ্চুরি নিয়ে যা বললেন মিরাজ

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সেঞ্চুরি নিয়ে যা বললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। দেশটিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। দলের অন্য কেউ পঞ্চাশ রানও করতে পারেননি। শূন্য রানে আউট হয়েছেন তানজিদ হাসান ও মুশফিকুর রহিম। 

বৃহস্পতিবার মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মিরাজ যখন উইকেটে আসেন, তখন ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে মিরাজ দলকে টেনে তোলার চেষ্টা করেন। তবে অন্য প্রান্তের ব্যাটসম্যানদের থেকে খুব একটা সাহায্য পাননি। একসময় ১৯৪ রানে ৯ উইকেট হারিয়ে দুই শর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছিল। তবে শেষ উইকেটে খালেদ আহমেদের সঙ্গে জুটি বেঁধে ৬৯ রান যোগ করেন মিরাজ, প্রথম ইনিংসে বাংলাদেশ পায় ২৬৩ রানের সংগ্রহ।

প্রথম দিন শেষে বিসিবি’র পাঠানো ভিডিওতে মিরাজ বলেছেন, ব্যাটিং নিয়ে তার পরিকল্পনার কথা, ‘প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে।’ শুরুতে কিছুটা দেখেশুনে খেলেন মিরাজ। ৭৫ বলে ফিফটি পান। সেঞ্চুরির পথে পরের পঞ্চাশ রান পান মাত্র ৫৩ বলে। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই ব্যাটসম্যান ১১ চার ও ৪ ছক্কায় ১৪১ বলে ১০৯ রান করেন। কাজটা যে সহজ ছিল না, দিন শেষে সেটি বলেছেন মিরাজ, ‘আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথম এ কন্ডিশনে খেলছি। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কীভাবে উইকেটে মানিয়ে নেওয়ায় যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে।’

১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ, ২২ আগস্ট ম্যাকাইতে হবে দ্বিতীয় টেস্ট। ২৩ বছর পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। মিরাজ বলছেন, সিরিজ শুরুর আগে এই সেঞ্চুরি তাকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। মিরাজের ভাষায়, ‘যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মাইন্ড সেটআপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি, আমার জন্য ভালো হবে। দলের জন্যও ভালো হবে।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178945