বগুড়ায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

বগুড়ায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

শহর প্রতিনিধি : গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুরে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য বগুড়া মহানগর শাখা। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরী কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে স্মারকলিপি প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে মিছিল করেন ১১ দলীয় ঐক্য মহানগর শাখার নেতাকর্মীরা।

মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত বগুড়া মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। এছাড়াও আরও বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া মহানগর সভাপতি আজগর আলী এবং শাজাহানপুর উপজেলা জামায়াত নেতা শহিদুল ইসলাম। মিছিল শেষে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা মানছুর রহমান, মহানগর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, এনসিপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ, খেলাফত মজলিশের নেতা মাওলানা তৌহিদুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জেলা সেক্রেটারি আনিছুর রহমানসহ দলসমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণে বটতলা চত্বরে স্মারকলিপির বিশেষ অংশ পাঠ করেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। স্মারকলিপিতে ৬টি দাবি পেশ করা হয়, দাবিগুলো হলো-গ্যাসংকট দ্রুত নিরসন করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, অঘোষিত ও অযৌক্তিক লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ, ভূতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ করতে হবে এবং প্রকৃত মিটার রিডিং অনুযায়ী বিল প্রদানসহ ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করতে হবে এবং মজুতদারি, সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, জনগণের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা।   

সমাপনী বক্তব্যে তিনি বলেন, সরকারের কাছে জনগণের বাস্তবজীবনের সমস্যা নিরসনে ১১ দলীয় ঐক্যর মাধ্যমে দাবি উপস্থাপনের মাধ্যমে সমস্যাগুলোর কার্যকর সমাধানের জন্য স্মারকলিপি প্রদান করা হয়েছে। সরকার গণভোটের গণরায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নসহ গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুরে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর ক্ষেত্রে যদি কোন পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।  

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178917