খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ মামলায় জাল নথি তৈরি ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ঘটনায় তিনি জড়িত ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সৈয়দ জগলুল পাশা কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফিরছেন। পরে বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে রাত প্রায় ৮টা ৫০ মিনিটে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, জগলুল পাশা রাজধানীর গুলশান থানায় করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’ সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
এ ছাড়া ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগে করা মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতার কথা জানিয়েছে ডিবি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178875