জুলাইয়ের স্মৃতি ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, আত্মমর্যাদা, সক্ষমতা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বিশ্বসম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।
আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্ট বাংলাদেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত ও নৃশংস অধ্যায়। সেই সময়ের আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতি ধারণ করেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হবে জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা ও সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। একই সঙ্গে সমতা, পারস্পরিক সম্মান এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা হবে।
খলিলুর রহমান বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার সঙ্গে নিজস্ব অবস্থান ধরে রেখে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178869