হরমুজ প্রণালী খুলে দিতে নতুন শর্ত দিলো ইরান!

হরমুজ প্রণালী খুলে দিতে নতুন শর্ত দিলো ইরান!

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইলি যুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠা কৌশলগত হরমুজ প্রণালী পুনর্গঠন ও চালু করার বিষয়ে নতুন শর্ত প্রকাশ করেছে তেহরান। মঙ্গলবার রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, ওমানের সাথে চলমান আলোচনায় ইরান প্রস্তাব দিয়েছে, প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী সব জাহাজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং বের হয়ে যাওয়া জাহাজের ওপর কঠোর নজরদারি বজায় রাখতে চায় তারা। এমনকি প্রয়োজন মনে করলে যে কোনো জাহাজে হস্তক্ষেপ বা অভিযান চালানোর অধিকারও তারা নিজেদের হাতে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।


প্রস্তাবিত এই সাময়িক পরিকল্পনার আওতায় পারস্য উপসাগর থেকে বের হওয়ার পথটি ইরান ও ওমানের মধ্যবর্তী রুট দিয়ে নির্ধারিত হবে। তবে কোনো জাহাজকে বের হওয়ার চূড়ান্ত অনুমতি বা ক্লিয়ারেন্স দেবে ওমান, সেটিও ইরানকে বিস্তারিত জানানোর পরেই শুধু সম্ভব হবে।

ইরানের ওই সূত্রের দাবি, তেহরান ইতোমধ্যে তাদের প্রাথমিক অবস্থান থেকে কিছুটা সরে এসে নমনীয়তা প্রদর্শন করেছে। শুরুতে তারা প্রণালীর দুইমুখী চলাচলের পুরো নিয়ন্ত্রণই এককভাবে চেয়েছিল। তবে নতুন এই খসড়া প্রস্তাব থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে সোজা জানিয়ে দিয়েছে তেহরান।

উল্লেখ্য, গত মাসে ওমানের পক্ষ থেকে প্রণালীর ট্রানজিট রুট দুটি দেশের মধ্যে সমানভাবে ভাগ করে নেয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা প্রত্যাখ্যান করে ইরান। তেহরানের মতে, অঞ্চলে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সামরিক স্থায়িত্ব না আসা পর্যন্ত ওই প্রস্তাব তাদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলোর কোনো সমাধান করতে পারছিল না।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178847