বগুড়ায় খোকন হত্যা মামলার আসামি মেহেদী কারাগারে
কোর্ট রিপোর্টার : বগুড়ায় হাবিবুর রহমান খোকন(৩৭) হত্যা মামলায় স্বেচ্ছায় আদালতে হাজির হওয়া আসামি মেহেদীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেয়া হয়েছে। আসামি মেহেদী মহানগরের সেউজগাড়ী রেলওয়ে মাঠ সংলগ্ন মৃত ওকিমুদ্দিনের ছেলে এবং তার পালিত বাবার নাম শহিদুল ইসলাম মশো।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বগুড়া সদর আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ওই আদালতের বিচারক মোঃ মেহেদী হাসান শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে হাজতি পরোয়ানা মুলে কারাগারে প্রেরনের আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাত ৮ টার দিকে মহানগরের মালতিনগর দক্ষিণপাড়ার বাসিন্দা রেন্ট-এ কার ব্যবসায়ী হাবিবুর রহমান খোকন তার বন্ধু বাধনকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে জনৈক পাভেলকে দেখার জন্য সেউজগাড়ী পালপাড়ার আনন্দ আশ্রমের উত্তরে আব্দুস ছাত্তারের বাড়ির সামনে রাস্তায় পৌঁছে।
এসময় দুর্বৃত্তরা ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে হাবিবুর রহমান খোকনকে হত্যা এবং তার সঙ্গী বাধনকে আহত করে। এ হত্যার ঘটনায় নিহত খোকনের স্ত্রী ফারজানা আক্তার বাদি হয়ে ১৭ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178791