প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সাক্ষাৎ 

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সাক্ষাৎ 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার। আজ মঙ্গলবার (০৪ আগস্ট ) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

 

                       প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সাক্ষাৎ ,ছবি: পিএমও।

সৌজন্য সাক্ষাৎকালে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রী ১৯৯১ সালে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত ‘অপারেশন সি এঞ্জেলস’র কথা স্মরণ করেন।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অধিক গুরুত্ব দেয়। একই সঙ্গে যুগোপযোগী ও বিস্তৃত সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়। 

অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলারে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। কমান্ডার আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।

                       প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সাক্ষাৎ ,ছবি: পিএমও।

অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে এসেছে। মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী ৬ আগস্ট পর্যন্ত তাদের এই সফর চলবে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও সামুদ্রিক সহযোগিতা নিয়ে কূটনৈতিক সম্পৃক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অ্যাডমিরাল কোহলারের এই সফরের মধ্য দিয়ে ঢাকা ও ওয়াশিংটনের প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178748