বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির আবেদন প্রশাসনের

বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির আবেদন প্রশাসনের

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারির জন্য তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আবেদন জানানো হয়।

প্রশাসনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৫ জন শিক্ষার্থী গুরুতর আহতসহ আরও ২০ জন শিক্ষার্থী আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া, মঙ্গলবার (৪ আগস্ট) বেরোবি ক্যাম্পাসে ছাত্রশিবির ও ছাত্রদল একই সময়ে বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশের ডাক দিয়েছে। এতে ক্যাম্পাসে পুনরায় সংঘর্ষ এবং শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারিসহ প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৪৪ ধারা জারি প্রসঙ্গে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪৪ ধারা জারী চেয়ে আবেদন করেছেন। বিষয়টি পুলিশ কমিশনারকে জানিয়েছি, এখন পর্যন্ত ১৪৪ ধারা জারি নিয়ে কোন সিদ্ধান্ত আসেনি।

উল্লেখ্য, সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178734