ট্রাম্পে আস্থা কমেছে আমেরিকানদের, ইরাননীতিতে বড় ধস: জরিপ
আন্তর্জাতিক ডেস্ক : নতুন এক জনমত জরিপে দেখা গেছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে অতিরিক্ত কঠোর বলে মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। তবে সমর্থন কমলেও অভিবাসন ইস্যুতে অর্থনীতি বা পররাষ্ট্রনীতির তুলনায় এখনও তুলনামূলক ভালো অবস্থানে রয়েছেন তিনি।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের যৌথ জরিপ, যা রোববার প্রকাশিত হয়েছে, তাতে দেখা যায় ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি সমর্থন জানিয়েছেন ৩৯ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক। দ্বিতীয় মেয়াদের শুরুতে এই হার ছিল ৪৯ শতাংশ।
জরিপে আরও দেখা গেছে, রিপাবলিকান পার্টির মধ্যে ট্রাম্পের সমর্থন এখনও শক্ত অবস্থানে রয়েছে। দলটির প্রায় ৮০ শতাংশ সদস্য তার অভিবাসন নীতির পক্ষে মত দিয়েছেন। যদিও মেয়াদের শুরুতে এই হার প্রায় ৯০ শতাংশ ছিল।
এদিকে সাধারণ মার্কিন নাগরিকদের বড় একটি অংশ মনে করছেন, বৈধ ও অবৈধ—উভয় ধরনের অভিবাসন মোকাবিলায় ট্রাম্প প্রশাসন ক্ষমতার সীমা অতিক্রম করেছে। জরিপ অনুযায়ী, ৫০ শতাংশ উত্তরদাতা মনে করেন বৈধ অভিবাসনে কড়াকড়ির ক্ষেত্রে ট্রাম্প অতিরিক্ত কঠোর হয়েছেন। এছাড়া ৪৭ শতাংশের মতে, অবৈধ অভিবাসীদের আটক ও বহিষ্কারের ক্ষেত্রে প্রশাসন ক্ষমতার অপব্যবহার করেছে।
তবে প্রতি ১০ জনের মধ্যে প্রায় তিনজন ট্রাম্পের বর্তমান অবস্থানকে যথাযথ বলে মনে করেছেন। আর প্রায় দুইজনের মতে, অভিবাসন ইস্যুতে তার আরও কঠোর হওয়া উচিত ছিল। রিপাবলিকানদের মধ্যে মাত্র ২০ শতাংশেরও কম মনে করেন, ট্রাম্প এ ক্ষেত্রে বাড়াবাড়ি করেছেন।
জরিপে ট্রাম্পের অন্যান্য নীতির প্রতিও জনসমর্থন কমে আসার ইঙ্গিত পাওয়া গেছে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় তার প্রতি আস্থা প্রকাশ করেছেন মাত্র ৩২ শতাংশ মার্কিন নাগরিক, যা দ্বিতীয় মেয়াদের শুরুতে ছিল ৪০ শতাংশ। প্রায় ৭০ শতাংশ উত্তরদাতা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে খারাপ বা খুব খারাপ হিসেবে মূল্যায়ন করেছেন।
স্বাস্থ্যসেবা নীতিতে ট্রাম্পকে সমর্থন করেছেন মাত্র ৩০ শতাংশ অংশগ্রহণকারী। তবে রিপাবলিকানদের মধ্যে এ খাতে তার সমর্থন বেড়ে ৭১ শতাংশে পৌঁছেছে, যা গত বছর ছিল ৫৯ শতাংশ।
মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যসেবা ব্যয় কমানো, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরান-সংক্রান্ত নীতিকে রাজনৈতিক প্রচারের প্রধান ইস্যু হিসেবে সামনে আনার ঘোষণা দিয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178712