বগুড়ার সোনাতলায় চার বছরেও অপসারণ হয়নি একটি স্কুলের পরিত্যক্ত ভবন

বগুড়ার সোনাতলায় চার বছরেও অপসারণ হয়নি একটি স্কুলের পরিত্যক্ত ভবন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলার জোড়গাছা ইউনিয়নের নিমেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার কক্ষবিশিষ্ট একটি ভবন ৪ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও তা অপসারণ করা হয়নি। ফলে যে কোনো সময় ভবনটি ধসে শিক্ষার্থীদের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে নিমেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। এর পর ১৯৯৪ সালে ৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে এলজিইডি একটি ভবন নির্মাণ করে। নির্মাণের ৩২ বছরের মাথায় ওই ভবনের ছাদের পলেস্টার ধসে পড়ছে। এমনকি বৃষ্টি এলেই ছাদ চুইয়ে পানি পড়ে।

ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি এলজিইডি কর্তৃপক্ষ বরাবর দাখিল করেন। এর পরপরই ওই বিভাগ ভবনটি যাচাই করে পরিত্যক্ত ঘোষণা করেন। বর্তমানে ওই ভবনের দরজা-জানালা নেই। স্কুল ছুটির পর পুরো স্কুল ক্যাম্পাসটি অরক্ষিত হয়ে পড়ে। এ ছাড়াও সন্ধ্যার পর ওই পরিত্যক্ত ভবনে নেশাখোর ও জুয়াড়ুদের অভয়ারণ্যে পরিণত হয়।

স্কুল সময়ে কোমলমতি শিক্ষার্থীরা ওই ভবনের পরিত্যক্ত শ্রেণিকক্ষে খেলাধুলায় মেতে ওঠে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যালয়টিতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩ শতাধিক শিক্ষার্থী রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ২০২২ সালে এলজিইডি কর্তৃপক্ষ ৪ কক্ষবিশিষ্ট পূর্ব-পশ্চিম দক্ষিণ দুয়ারী ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও আজ পর্যন্ত তা অপসারণ করেনি। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বারবার আবেদন নিবেদন করেও কোনো ফল হয়নি।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম বলেন, ওই প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের জন্য এলজিইডিকে বলা হয়েছে। উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সম্প্রতি তিনি অত্র উপজেলায় যোগদান করেছেন। বিদ্যালয়টি পরিদর্শন করে ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178703