৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সেপ্টেম্বরে হবে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা।
অন্তত ৫০ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। ছাত্রদের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও ছাত্রীদের জন্য ঐচ্ছিক।
প্রতিযোগিতাটি সেপ্টেম্বরে আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সোমবার টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলনের সভাপতিত্বে সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা উদ্বোধন করবেন বলে আশা করছে মন্ত্রণালয়। ৯ বা ১০ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধনের আশা করছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রসার ঘটানো, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলে শিক্ষার্থীদের জন্য একটি করে এবং মেয়েদের জন্য নির্ধারিত অংশগ্রহণের সুযোগ থাকবে।
সভায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা দেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম ক্রীড়া আয়োজন। এটি শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
“দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যাতে সমান সুযোগ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।”
মন্ত্রণালয় বলছে, এই প্রতিযোগিতা উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে। লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হবে।
সভায় প্রতিযোগিতার মাঠ প্রস্তুতি, নিরাপত্তা, প্রচারণা ও প্রশাসনিক সমন্বয় নিয়েও আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভা শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, “ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল এবং ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে।
“সব মিলিয়ে প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে। ছেলে শিক্ষার্থীর জন্য এটি বাধ্যতামূলক। মেয়ে শিক্ষার্থীদের জন্য এটি ঐচ্ছিক।”
সরকার সর্বাত্মক সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে তাদের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
এর আগে ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাইমারি স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল স্মরণ করে মাহ্দী আমিন বলেন, “সেখানে যে ফরম্যাট ছিল, এখানেও একই ফরম্যাট অনুসরণ করা হবে। আমরা যেহেতু বলছি, সারা দেশে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করতে চাই, তাই প্রথমে উপজেলা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। এরপর জেলা পর্যায়, তারপর বিভাগীয় পর্যায় এবং সবশেষে জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।”
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩০ অক্টোবরের মধ্যে পুরো প্রতিযোগিতা সফলভাবে শেষের লক্ষ্য নির্ধারণ করা রয়েছে বলেও তথ্য দেন তিনি।
গত ২০ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাইমারি স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘প্রাইম মিনিস্টারস গোল্ডকাপ’ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178682