‘আমার রাজ্যে তুমি’তে কেয়া পায়েল
বিনোদন ডেস্ক ঃ কেয়া পায়েল, বাংলাদেশের নাট্যাঙ্গনে এই সময়ে সবচেয়ে চাহিদা সম্পন্ন নাট্যাভিনেত্রী। তাকে নিয়ে বলা যায় সব নির্মাতারাই এখন নাটক নির্মাণে বেশ আগ্রহী। তবে কেয়া পায়েল এই সময়ে এসে গল্পের প্রতি ভীষণ মনোযোগ দিচ্ছেন। গল্প ভালো না লাগলে তিনি অভিনয় করছেন না। এরইমধ্যে কেয়া পায়েল তার ভীষণ ভালোলাগার এক গল্পের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘আমার রাজ্যে তুমি’। নাটকটি রচনা করেছেন মাশরিকুল আলম ও হাবিবা সরকার হিলা। নির্মাণ করেছেন মাশরিকুল আলম। এরইমধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ। এখন রয়েছে প্রচারের অপেক্ষায়। নাটকে কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। অনেকের ভাষ্যমতে ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন কেয়া পায়েল।
এরইমধ্যে তিনি চিত্রনায়ক আরিফিন শুভ’র বিপরীতে জাহিদ প্রীতমের পরিচালনায় ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে কাজ করেছেন। এই কাজ নিয়ে ভীষণ প্রত্যাশা কেয়া পায়েলের। যদিও কেয়া পায়েলের ভক্তদের প্রত্যাশা তাদের প্রিয় এই অভিনেত্রী ওয়েব ফিল্মেই শুধু নয় সরাসরি ফিল্মে কাজ করবেন তিনি। আবার অনেক ভক্ত দর্শকের দাবী যদি কেয়া পায়েল সিনেমাতে অভিনয় করেন তবে যেন চিত্রনায়ক শাকিব খানের বিপরীতেই যেন অভিনয় করেন। কেয়া পায়েলেরও ইচ্ছে রয়েছে শাকিব খানের বিপরীতে অভিনয় করার। কিন্তু সেটা এখন সময়ের ব্যাপার। শাকিব খান আদৌ কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করবেন কী না তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। এদিকে কেয়া পায়েল তার ভক্ত দর্শকের জন্য নিয়ে এলেন নতুন খবর। তার অভিনীত নতুন নাটক ‘যত্নে থেকো’ ইউটিউবে প্রকাশিত হয়েছে । এতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। নাটকটি রচনা করেছেন ইশতিয়াক আহমেদ, পরিচালনা করেছেন মোহন আহমেদ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহানের বাবা মা নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু’সহ আরো অনেকে।
কেয়া পায়েল বলেন,‘ আমার রাজ্যে তুমি-নাটকটির গল্প এক কথায় অন্যরকম। সত্যি বলতে কী ভালো গল্পের বিকল্প নেই। এর আগেও তেসিফ ভাইয়ের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেগুলোতে অভিনয় করে বেশ ভালো সাড়া পেয়েছি। তবে এই নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। মাশরিকুল ভাই অনেক শ্রম দিয়ে নাটকটি নির্মাণ করেছেন।’
কেয়া পায়েল জানান এর আগে ইয়াশের সঙ্গে মনে রেখো আমায়, তোমায় বলা হয়নি, মায়াবী, অতঃপর একসাথে, চিরসাথী’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। ইয়াশের সঙ্গে ‘যত্নে থেকো’ নাটকটির জন্যও বেশ সাড়া পাচ্ছেন। তৌসিফ মাহবুবের সঙ্গে কেয়া পায়েল অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘ম্যাজিক মোমেন্ট’,‘ পিতা মাতা সন্তান’ , ‘গুড ফর নাথিং’,‘ উড়াল পাখি’,‘ চাঁদের হাট’,‘ মনের মানুষ’,‘ রূপকথা’ ,‘ বউ বুঝেনা’,‘ বিয়ের ফুল’,‘ মন দিতে চাই’ ইত্যাদি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178667