আলো ছায়া’তে পার্থ’র সঙ্গে প্রথম সাদনিমা
অভি মঈনুদ্দীন ঃ এই সময়ে আলোচনায় থাকা ‘অমর প্রেম’ নাটকে বেশ চমৎকার অভিনয় করেছেন এই প্রজন্মের অন্যতম দর্শকপ্রিয় অভিনেতা পার্থ শেখ। নাটকটিতে তার অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন। দর্শক পার্থ’কে এমন রোমান্টিক গল্পের নাটকেই বেশি বেশি দেখতে চায়। এদিকে নাটকে একেবারেই নতুন বলা চলে দর্শকপ্রিয় অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানকে। একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করার পাশাপাশি তিনি অভিনয়ও করছেন নিয়মিত। তার অভিনীত বেশকিছু নাটক এসেছে আলোচনাতেও। এক বছর আগে পার্থ’র বিপরীতে সাদনিমা একটি নাটকে অভিনয়ও করেছিলেন। তবে সেই নাটকটি আজও আলোর মুখ দেখেনি। তবে গত তিনদিন যাবত শুটিং শেষ হওয়া ‘আলো ছায়া’ নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী সাদনিমা। এই নাটকেই দর্শক প্রথমবার জুটি হিসেবে দেখতে যাচ্ছেন পার্থ-সানদিমা’কে।
‘আলো ছায়া’ নাটকটি নির্মাণ করেছেন তরুন মেধাবী নাট্যনির্মাতা সেলিম রেজা। নাটকটি রচনা করেছেন নাজমা। গত ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। এতে আরো অভিনয় করেছেন মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার’সহ আরো বেশ কয়েকজন।
পার্থ শেখ বলেন,‘ অমর প্রেম নাটকের জন্য সত্যিই অবিশ্বাস্য রকম সাড়া পাচ্ছি। দর্শকের এই ভালোবাসার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। আলো ছায়া- নাটকটির গল্প খুউব সুন্দর। সেলিম রেজা ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি ভীষণ যত্ন নিয়ে কাজ করেন। যে কারণে তারসঙ্গে আমার কাজের বোঝাপড়াটাও চমৎকার। সাদনিমা এই সময়ে বেশ ভালো করছে। আগামীতে আরো ভালো করবে- এমনটা প্রত্যাশা করছি।’
সেলিম রেজার নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে সাদনিমা বলেন,‘ সেলিম ভাইয়ের পরিচালনায় এর আগেও কয়েকটা নাটকে কাজ করেছি। এই নাটকের গল্পটা একটু আলাদা, অন্যরকম। এর আগে আমি আর পার্থ একটি নাটকে যদিও কাজ করেছিলাম, কিন্তু প্রচারে আসেনি। আশা করা যাচ্ছে আলো-ছায়া প্রচারে আসা আমাদের প্রথম নাটক হতে যাচ্ছে। দর্শক এবারই প্রথম একটি নতুন জুটি দেখবে। আমি খুউব আশাবাদী নাটকটি নিয়ে। কারণ সেলিম রেজা ভাই তিনদিনে অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন।’
শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে। সাদনিমা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ২০২৫ সালে বিবিএ সম্পন্ন করেছেন। টাঙ্গাইলের ভূয়াপুরের মেয়ে সাদনিমার জন্মদিন ১৮ জানুয়ারি। দুই বোনের মধ্যে সাদনিমা ছোট।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178657