আমি মানুষ হত্যা করতে চাই না, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানিদের হত্যা করার পক্ষে নন এবং তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তাহলে একদিকে যেমন ইরানের অনেক নিরপরাধ মানুষ প্রাণহানির ঝুঁকি থেকে মুক্ত হবে, তেমনি অন্যদিকে দেশটি ব্যাপক ধ্বংস এড়াতে পারবে।
রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহারের জন্য সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা দেখব পরিস্থিতি কেমন হয়। যে কোনো সময়ে আলোচনা শুরুর জন্য আমরা প্রস্তুত। আমি কি (ইরানের সঙ্গে) একটি চুক্তি চাই? হ্যাঁ, আমি অবশ্যই চুক্তির পক্ষে; কারণ আমি মানুষ হত্যা করতে চাই না। যদি চুক্তি না হয় তাহলে বহু মানুষ মারা যাবে এবং আমরা তা চাই না।
এদিন ট্রাম্প আরও জানান, আজ ৩ আগস্ট সোমবার থেকে ফের আলোচনা শুরু হচ্ছে মার্কিন ও ইরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে। তার আগে শনিবার থেকে ইরানে বিমান অভিযান স্থগিত করেছেন তিনি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় অবশ্য তিনি বলেছেন যে সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেই অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প আরো জানিয়েছেন, এবারের আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর মুক্ত চলাচলও সমান গুরুত্ব পাবে। তবে কোথায় এই আলোচনা অনুষ্ঠিত হবে বা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কোনো তথ্য দেননি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মতবিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত দু’দফা যুদ্ধবিরতি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, গত মে মাসে অপারেশন এপিক ফিউরির আনুষ্ঠানিক সমাপ্তিও ঘোষনা করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এখন পর্যন্ত সংঘাত থামেনি।
রোববারের ‘আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই’ মন্তব্যের মাধ্যমে এই প্রথম নিরঙ্কুশভাবে কূটনীতির পক্ষে অবস্থান নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র : এএফপি, গালফ নিউজ
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178609