রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় বিভিন্ন অপরাধে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (০৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময় তাদের কাছ থেকে কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ও ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178586