বগুড়ার শেরপুরে এবার সাংবাদিকের মোটরসাইকেল চুরি

বগুড়ার শেরপুরে এবার সাংবাদিকের মোটরসাইকেল চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পুলিশের বাসার জানালার গ্রিল খুলে চুরির ঘটনার দুইদিন পর এবার সাংবাদিকের বাড়ির সামনে থেকে দিনেদুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার (২ আগস্ট) দুপুরে পৌর শহরের স্যান্নালপাড়া এলাকার বাসার সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক মোতালেব সরকার বলেন, দুপুর দেড়টার দিকে বাসার সামনে মোটরসাইকেল (এ্যাপাচি আরটিআর ১৫০সিসি) রেখে বাসায় জোহরের নামাজ পড়ে ২টার দিকে উপজেলায় যাওয়ার জন্য বের হয়ে দেখি মোটরসাইকেলটি নেই, কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এসময় অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে পৌরশহরের উলিপুরপাড়া থেকে এক কনস্টেবলের বাসার জানালার গ্রিল খুলে ল্যাপটপ ও মোবাইল চুরির ঘটনা ঘটে। এবার সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটায় শেরপুরে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, চুরির ঘটনার বিষয়টি শুনেছি, এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178574