বগুড়ায় দুই ফেন্সিডিল কারবারির যাবজ্জীবন কারাদন্ড

বগুড়ায় দুই ফেন্সিডিল কারবারির যাবজ্জীবন কারাদন্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ায় ফেন্সিডিল রাখার দায়ে অভিযুক্ত দুই ফেন্সিডিল কারবারিকে যাবজ্জীবন করাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলো-বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট দুয়ালীপাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৫৫) এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দামেদারপুর শৈলার মৃত আনসারের ছেলে আইনুল (৩৮)।

সাজাপ্রাপ্ত আসামি আইনুল জামিনে যাবার পর হতে পলাতক আছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ার আদেশ দেওয়া হয়েছে। গ্রেফতারের পর হতে ওই আসামির সাজা কার্যকর হবে। আজ রোববার (২ আগস্ট) বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৪ এর বিচারক আফাজ উদ্দিন এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বিগত ২০১৫ সালের ২৪ নভেম্বর বেলা পৌনে ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সান্তাহার সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে কাহালু উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা হতে আসামিদের মোটরসাইকেলের গতিরোধ করেন।

এরপরে ফারুক হোসেনের কাছ থেকে ৪০ বোতল এবং আইনুলের কাছ থেকে ৪০ বোতল মোট ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ জব্দ তালিকমূলে জব্দ করেন। তাদের কাহালু থানায় সোপর্দ করে পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বাদি হয়ে থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. আমির উদ্দিন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178572