দেড়মাসে সোনামসজিদ সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ গ্রেফতার ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে গতকাল শনিবার ২৬ লাখ টাকার ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ হয়েছে। তবে এ অভিযানে কেউ গ্রেফতার হয়নি। এ নিয়ে গত দেড় মাসে বিজিবির ৩টি ও পুলিশের ১টি অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরচালানে আনা ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিজিবি জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার থেকে আনুমানিক ৮শ’ গজ বাংলাদেশের ভেতরে শাহাবজপুর ইউনিয়নের বালিয়াদীঘি গ্রামের তালতলা নামকস্থানে অভিযান চালায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল।
অভিযানে একটি গোডাউনের পাশে পরিত্যক্ত অবস্থায় ২৬ লাথ টাকার ২৯১ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটিালিয়নের(৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এদিকে বিজিবি ও পুলিশ জানায়, এর আগে গত ২১ জুন একই সীমান্তে ১ কোটি ৮ হাজার টাকার ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ একটি পাথর বোঝাই বাংলাদেশি ট্রাক জব্দ ও একজনকে গ্রেফতার করে বিজিবি। এর ২দিন আগে গত ১৯ জুন একই সীমান্তে একটি কচুরিপানা ভর্তি পুকুর তল্লাশি করে চোরচালানকৃত ২৫ লাখ ৯১ হাজার টাকার ২০৭ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
এছাড়াও, গত ১৭ জুন শিবগঞ্জের কানসাটে একটি কুরিয়ার সার্ভিস ও সোনামসজিদ স্থল বন্দরের বিভিন্ন গোডাউন থেকে ৪৭ লাখ ৫২ হাজার ৫শ’ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করে পুলিশ। এ ঘটনায় একজন গ্রেফতার ও শিবগঞ্জ থানায় একটি চোরচালান চক্রের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
এ নিয়ে গত দেড় মাসে ৪টি পৃথক অভিযানে ১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৫শ’ টাকার বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করে বিজিবি ও পুলিশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178567