ঠাকুরগাঁওয়ের হরিপুরে জরাজীর্ণ রাস্তা চলাচলের উপযোগী করে দিলেন ইউএনও
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফালডাঙ্গী গ্রামে যাওয়ার জরাজীর্ণ কাঁচা রাস্তাটি হরিপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) চন্দন কর রাবিশ (ইটের খোয়া) দিয়ে গ্রামের মানুষের চলাচলের জন্য উপযোগী করে দিলেন। গতকাল শনিবার দুপুরে ফালডাঙ্গী চৌরাস্তা থেকে গ্রাম পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তায় গ্রামের যুবসমাজ স্বেচ্ছায় শ্রমদিয়ে রাস্তাটি মেরামত করে।
ফালডাঙ্গী গ্রামের কৃষক বেলাল উদ্দিন ও দৌলত বলেন, দীর্ঘদিন গ্রামের এই কাঁচা রাস্তাটি বেহাল দশা হয়ে পড়েছিল। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকতো এবং পুরো রাস্তাটি কর্দমাক্ত হয়ে যেত। এতে রাস্তায় চলাচল করা যেতনা।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক বলেন, এটি আমার গ্রামের বাড়ির রাস্তা, বৃষ্টির কারণে রাস্তাটি দিয়ে চলাচলে সমস্যা হচ্ছিল। এটি পাকাকরণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর বলেন, বর্ষাতে রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, বৃদ্ধ ও মানুষের পথ চলাচলের খুব কষ্ট হচ্ছিল। স্থানীয় যুবসমাজের আবেদনের প্রেক্ষিতে ওই রাস্তায় রাবিশ দিয়ে মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178555