ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগে শিবিরের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট কার্যালয়ে ছাত্রদল কর্তৃক ছাত্রশিবির ও হল সংসদের নেতৃবৃন্দের ওপর হামলার অভিযোগ তুলে জড়িতদের বিচার, নিরপেক্ষ তদন্ত, প্রশাসনের জবাবদিহি এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় টায় মধুর ক্যান্টিন থেকে ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে প্রতিবাদ মিছিলটি বের হয়। পরে সমাবেশে নেতারা বক্তব্য দেন। বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। অতীতে কোনো ব্যক্তি বা কর্মকর্তা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ালে নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর নজির থাকলেও বর্তমান প্রশাসন তা করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এর আগেও ছাত্রদলের বিরুদ্ধে শাহবাগ থানায় হামলা, শহীদুল্লাহ হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ উঠেছে। এসব ঘটনার বিচার চেয়ে তারা নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানিয়ে এলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। তার দাবি, সারা দেশেই সন্ত্রাস ও চাঁদাবাজির নানা ঘটনায় ছাত্রদল ও বিএনপির নাম উঠে আসছে।
মহিউদ্দিন খান হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা-সহিংসতা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আবারও প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে, যেমনটি জুলাই আন্দোলনে হয়েছিল। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল নতুন করে গেস্টরুম ও ‘টর্চার সেল’ সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের এসব অপসংস্কৃতি প্রত্যাখ্যানের আহ্বান জানান। তিনি আরও বলেন, ছাত্রদল যদি মনে করে ক্ষমতার প্রভাব খাটিয়ে সহিংসতা চালিয়েও পার পেয়ে যাবে, তবে সেটি ভুল ধারণা।
একসময় ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছিল, প্রয়োজন হলে ছাত্রদলের ক্ষেত্রেও একই পরিণতি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করায় বারবার শোকজ করা হচ্ছে, অথচ প্রকাশ্যে হামলা ও সন্ত্রাসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
প্রক্টর অফিস থেকে ‘রাগের মাথায় সবাই ভুল করতে পারে’ এবং ‘রাগের মাথায় হামলা’–সংক্রান্ত মন্তব্যের কঠোর সমালোচনা করে মহিউদ্দিন খান বলেন, এ ধরনের বক্তব্য সহিংসতাকে কোনোভাবেই বৈধতা দেওয়া যায় না। তিনি ওই বক্তব্য প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রশাসনের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হুসাইন বলেন, তারা আগেও দেখেছেন ছাত্রদল শাহবাগ থানায় মব সৃষ্টি করে হামলা করেছে। বাংলাদেশের কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজি হলে সেখানে ছাত্রদলের নাম না থাকা এখন বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করেন, ছাত্রদল প্রভোস্টের কক্ষে ঢুকে হামলা চালিয়েছে। প্রভোস্টের উচিত ছিল হামলার বিচার করা, কিন্তু তিনি ছাত্রদলের লোক হওয়ায় কিছু বলতে পারেননি এবং শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন।
একই কারণে প্রক্টর ও উপাচার্যেরও পদত্যাগ করা উচিত বলে দাবি করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদলের নেতারাই সাংবাদিকদের সামনে শাহবাগ থানায় হামলা চালিয়েছিল, কিন্তু প্রশাসন তাদের বিচার নিশ্চিত করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলের লেজুড়বৃত্তি করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে শহীদুল্লাহ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) তাওকির হাসান বলেন, হলের এজিএসের কক্ষে অতিথিদের আসার ভিডিও পাঁচ দিন আগেই ধারণ করা হয়েছিল। কিন্তু তখন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে হল প্রভোস্ট ছাত্রদলের চাপে পড়ে কোনো আনুষ্ঠানিক নোটিশ ছাড়াই এজিএসের সিট বাতিল করেন।
এর ধারাবাহিকতায় ছাত্রদলের নেতাকর্মীরা প্রভোস্ট কার্যালয়ে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, তদন্ত কমিটির ডাকে তারা প্রভোস্ট কার্যালয়ে উপস্থিত হলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় এক সহকারী প্রক্টর হামলার বিষয়ে ‘রাগের মাথায় করেছে’ বলে মন্তব্য করেন, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত হতাশাজনক।
২৭ জুন হল সংসদের এজিএসের কক্ষে অনাকাঙ্ক্ষিত অবস্থান-সংক্রান্ত অভিযোগ তদন্তে গঠিত কমিটির আনুষ্ঠানিক সভা প্রভোস্ট কার্যালয়ে চলাকালে ছাত্রদলের কয়েকজন কর্মী বেআইনিভাবে কক্ষে প্রবেশ করেন। প্রভোস্ট ভবনের বাইরে ছাত্রদলের বহিরাগত ও সংগঠিত অবস্থানের ভিডিও ধারণ করায় শিবিরকর্মী জায়েদ তালহাকে নির্মমভাবে মারধর করা হয় এবং প্রভোস্ট কক্ষের এক কোণে ফেলে শ্বাসরোধের চেষ্টা করা হয়।
চারজন হাউজ টিউটর ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকলেও ছাত্রদলের নেতাকর্মীরা প্রভোস্টের কক্ষে ঢুকে তাণ্ডব চালায় এবং হল সংসদের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক হামলা চালায়। হামলার ভিডিও ধারণ করার কারণে হল সংসদের পাঠকক্ষ সম্পাদক খাদেমুল ইসলামের ওপরও প্রভোস্ট কক্ষেই পুনরায় হামলা চালানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) ও ডাকসুর নেতৃবৃন্দের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত জুনায়েদ আবরারের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা হল সংসদের জিএস তাওকির হাসানের ওপরও শারীরিক হামলা চালায়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা এবং প্রশাসনিক বিশৃঙ্খলার দায় নিয়েই হলের প্রভোস্ট পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
এটি প্রমাণ করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ন্যূনতম নিরাপত্তাও নিশ্চিত করা যাচ্ছে না। বিক্ষোভ মিছিলে প্রভোস্ট কার্যালয়ে হামলায় জড়িত ছাত্রদলের চিহ্নিত সকল নেতাকর্মীকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণ, দায়িত্ব পালনে ব্যর্থ এবং অপরাধীদের প্রতি নমনীয় অবস্থান নেওয়া সহকারী প্রক্টর নূর আলম সিদ্দিকীর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পাসে সন্ত্রাসমুক্ত, শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত নতুন, কার্যকর ও দক্ষ হল প্রশাসন গঠন।
সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178553