গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
মফস্বল ডেস্ক : রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- আল-আমিন (২৭) ও মো. সোহান হোসাইন (২৬)।
রোববার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গুলশান থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি অভিযানিক দল জানতে পারে, গুলশান-১ এলাকার একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আল-আমিন ও মো. সোহান হোসাইনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178551