বগুড়ায় জঙ্গলঘেরা সন্ত্রাসী আস্তানার সন্ধান বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

বগুড়ায় জঙ্গলঘেরা সন্ত্রাসী আস্তানার সন্ধান বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের বাঘোপাড়ায় এলাকায় করতোয়া নদীর তীরে সন্ত্রাসীদের জঙ্গলঘেরা এক আস্তানায় ডিবি অভিযান চালিয়ে চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে। সেইসাথে ওই আস্থানা থেকে একটি বিদেশি রিভলবারসহ দেশীয় অস্ত্র, মাদক, টাকা এবং নির্যাতনের কাজে ব্যবহৃত একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক শকার উদ্ধার করা হয়েছে।

বাঘোপাড়ায় করতোয়া নদীর তীরে একটি পেপার মিল ও টিএমএসএস কারখানার পেছনের নির্জন এলাকায় তাঁবু ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী আস্তানায় একটি সন্ত্রাসীদল অবস্থান করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের ওসি মো. ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির তিনটি দল সেখানে অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে ওই আস্থানাটি ঘিরে ফেলে ডিবি। এরপর সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও মাদক   উদ্ধার করা হয়।

অভিযানের সময় চক্রের কথিত প্রধান রকি, তাঁর সহযোগী রাকিবসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আরও পাঁচ থেকে সাতজন সদস্য করতোয়া নদী সাঁতরে পালিয়ে যায়। এ সময় ঘটনার স্থল থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি চায়নিজ কুড়াল ও একটি ধারালো চাপাতি, কয়েকটি দেশীয় অস্ত্র, ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ (চল্লিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ছাড়া ২৫ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক শকারও জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, অপহরণ করে আনা ব্যক্তিদের নির্যাতনে এটি ব্যবহার করা হতো।গ্রেফতার হওয়া রকি ও রাকিবের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ফেনসিডিল-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তারা এর আগে গ্রেফতার হয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা জামিনে মুক্তি পায়। এরপর ফের অপরাধ কান্ডে যুক্ত হয়। তারা লোকালয় ছেড়ে নদীর তীরের ওই দুর্গম এলাকায় আস্তানা গড়ে তোলে।

ডিবি সূত্র জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বগুড়া মহানগরের অদুরেই সন্ত্রাসী রবিউল ইসলাম রকি (৩৩) এর নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে বগুড়া জেলাসহ আশপাশের এলাকায় মহাসড়কে ছিনতাই, ডাকাতি, সাধারণ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায়, অবৈধ অস্ত্রের মহড়া এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

অভিযানকালে বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর বাঁধ সংলগ্ন টিএমএসএস-এর মেহগনি বাগান ঘিরে ফেলা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে প্রধান আসামি গাবতলীর রবিউল ইসলাম রকি (৩৩), অপর আসামি রাকিব রহমান (২৬) ও মোঃ রাফি আহমেদ (১৯)কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ রবিউল ইসলাম রকি ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ মহাসড়কে ছিনতাই, ডাকাতি, সাধারণ মানুষকে হানি ট্র্যাপের মাধ্যমে জিম্মি করে মুক্তিপণ আদায়, অবৈধ অস্ত্রের মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও ত্রাসের সৃষ্টি করে আসছিল।

এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি প্রদান করতেও তারা দ্বিধা করত না।  ধৃত আসামিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে।

এরমধ্যে ১নং আসামি রকির বিরুদ্ধে ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আজ রোববার (২ আগস্ট) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178549