সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয় : পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘সৌদি আরবের নেতৃত্বে প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিয়েছে হুতিদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। অন্যদিকে আমরা ইরানের সঙ্গেও কথাবার্তা বলছি।
এটিকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার কিছু হিসেবে দেখার কারণ নেই।’ রবিবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
‘আমরা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দিলাম’—এর পেছনের প্রেক্ষাপটটা কী জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘মূল বিষয়টা হলো সৌদির সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সৌদির সঙ্গে সম্পর্কটা শুধু তীর্থযাত্রা, ওমরাহ বা হজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
এটিকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন না। ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে একটি কৌশলগত সম্পর্ক। এটি অত্যন্ত শক্তিশালী একটি সম্পর্ক হবে। সৌদি আরব দুটি পবিত্র মসজিদ মক্কা ও মদিনার রক্ষক।
তাই এখানে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। যেকোনো সময় সৌদি আরবের নিরাপত্তার ক্ষেত্রে তারা যদি কোনো সহযোগিতা চায়, এই দৃঢ় আত্মিক সম্পর্ক থেকে এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে সবসময় সৌদি আরবকে সহায়তার জন্য সাড়া দেবে।’
অন্যদিকে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এটা প্রক্রিয়াধীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে উদ্যোগ নিয়েছে। আলাপ-আলোচনা চলছে, অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবহিত করবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178546