পাবনার ফরিদপুরে জেল-জরিমানা করেও বন্ধ হচ্ছে না নকল দুধের কারবার
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে কোনোভাবেই বন্ধ হচ্ছে না নকল দুধের কারবার। গত ১ বছরে নকল দুধ তৈরিতে জড়িত থাকায় অন্তত ১২ জন অসাধু দুগ্ধ ব্যবসায়ীকে জেল অথবা জরিমানা করে প্রশাসন। অভিযানে গত ২৭ জুলাই উপজেলার গোপালনগর গ্রামের শফিকুলকে তৃতীয় বারের মত ২ লাখ টাকা অর্থদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।
এর আগে, গত বছরের ২ মার্চ ডেমড়া বাজারের সালামকে ১ লাখ জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, একই বছরে ৬ মে মৃধাপাড়ার সরোয়ারকে ১ লাখ, ২৪ জুলাই আরকান্দি বাজারের জহুরুলকে ২ লাখ, ১৫ ডিসেম্বর পারফরিদপুরের মইনুলকে ১ লাখ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদন্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ।
এদিকে চলতি বছরের ৯ মার্চ ডেমড়ার কেয়া ডেইরিকে ৩ লাখ জরিমানা, আমিনা ডেইরি ও প্রিমিয়াম ফুডকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন। পরে ২৭ এপ্রিল মৃধাপাড়ার জমিরকে ১ লাখ, ১ মে ডেমড়া বাজারের জালালকে ২ লাখ, ৯ জুন পুরন্দরপুর বাজারের জসিমকে দেড় লাখ টাকা জরিমানা ও তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রকান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।
এছাড়াও ২২ জুলাই আরকান্দি বাজারের আতিককে ৩ লাখ এবং পুরন্দরপুর বাজারের রফিককে ৫০ হাজার টাকা জরিমানা করে নকল দুধ তৈরির উপকরণ জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিষিদ্ধ গ্লুকোজ জেলি, ডালডা, সয়াবিন তেল ও অন্যান্য রাসায়নিক সামগ্রী মিশিয়ে এসব দুধ তৈরি করা হয়।
যাদের জেল-জরিমানা করা হয়েছে তাদের মত উপজেলার ডেমড়া, আরকান্দি, মৃধাপাড়া, পুরন্দরপুর, পারফরিদপুর ও গোপালনগর এলাকার আরও অনেকেই দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন বলেন, ফরিদপুরে নকল দুধ তৈরি বন্ধের জন্য প্রশাসনের ধারাবাহিক অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178536