লালমনিরহাটে কাঁচা মরিচসহ সবজির দাম বৃদ্ধি
লালমনিরহাট প্রতিনিধি : টানা বৃষ্টি ও দফায় দফায় বন্যার প্রভাবে লালমনিরহাটে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ফলে হাতে গোনা দু-একটি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজিই এখন ৭০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
গতকাল শনিবার শহরের গোশালা বাজার তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া ঝিঙা, চিচিঙ্গা ও ধুন্দল এখন ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একইভাবে বেগুন ও বরবটির দাম ৫০ থেকে ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি।
এদিকে শসার দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া শসা এখন ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে আলুর দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও পটল ও ঢেড়শ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। কেজিতে প্রায় ২শ’ টাকা বেড়ে বর্তমানে ৩শ’ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যার কারণে কৃষকেরা খেত থেকে চাহিদা অনুযায়ী সবজি তুলতে পারেননি। অনেক জমিতে পানি জমে সবজি নষ্ট হয়ে গেছে। আবার কিছু এলাকায় বন্যার পানিতে সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। ফলে বেড়েছে দাম।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, বাজার মনিটরিং করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্ব নয়। এ কাজের জন্য কৃষি বিপণন অধিদপ্তর রয়েছে, তারাই মূলত বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে অতিবৃষ্টি ও বন্যার কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় বর্তমানে এর প্রভাব বাজারে পড়েছে বলেও অকপটে স্বীকার করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178535