এনআইডি সংশোধন সহজ করতে কমিটি গঠন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি সহজ করতে চার সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজী করার লক্ষ্যে আবেদনের সাথে সংযুক্ত/দাখিলকৃত প্রমাণক নিরীক্ষা করার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হলো। এনআইডি অনুবিভাগের পরিচালককে (নিবন্ধন ও প্রবাসী) আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি পরিবর্তনের ধরন কেমন হয়, তার শ্রেণিকরণ এবং নিষ্পত্তির জন্য প্রমাণক হিসেবে কী কী দলিল প্রয়োজন তার তালিকা প্রস্তুত করবে। ‘ঘ’ ক্যাটাগরির আবেদনে প্রমাণক অপর্যাপ্ত থাকায় বাতিল করে নিষ্পত্তিকৃত এবং পুনঃদাখিলকৃত আবেদনে পর্যাপ্ত প্রমাণক দাখিল করা হলে সেসব আবেদন নিষ্পত্তির জন্য করণীয় সম্পর্কে সুপারিশ ও দ্রুত নিষ্পত্তি করার জন্য করণীয় বিষয়ে সুপারিশ দেবে।
‘ইলেকট্রনিক্যালি অ্যাকশন’ নেওয়ার সময় উদ্ভূত জটিলতা নিরসনে সিএমএস পোর্টালে কোন ধরনের মোডিফিকেশন প্রয়োজন, সে বিষয়ে মতামত, এনআইডি আনলক এবং রোলব্যাকের যৌক্তিকতা নিয়েও সুপারিশ দিতে হবে কমিটিকে।
দেশে বর্তমানে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটার রয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। আর হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178526