আজ বন্ধু দিবস

আজ বন্ধু দিবস

লাইফস্টাইল ডেস্ক : জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বন্ধু দিবস ৩০ জুলাই। তবে বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশে আগস্টের প্রথম রবিবার দিবসটি পালিত হয়। সে হিসেবে আজ বন্ধু দিবস। দিনটিতে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছেন অনেকেই।

বন্ধুত্ব পৃথিবীর এমন এক সম্পর্ক, যেখানে রক্ত কিংবা আত্মীয়তার বন্ধন না থাকলেও তার চেয়ে গাঢ় এবং নিবিড় বন্ধন থাকে। সব বোঝাপড়ার আর প্রশান্তির আশ্রয়স্থল যেন বন্ধু। সেই বন্ধুকে নিয়ে যুগে যুগে অসংখ্য গান হয়েছে। সেসব গান থেকে বাছাই করে পাঁচটি গানের খবর রইল এখানে। বন্ধু দিবসে পুনরায় গানগুলো শুনে নিতে পারেন।

বন্ধুকে নিয়ে অন্যতম কালজয়ী গান এটি। নিজের কথা ও সুরে গানটি গেয়েছেন ফারজানা ওয়াহিদ সায়ান। ‘এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা, কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা/ কত এলোমেলো পথ হেঁটেছি দুজন, হাত ছিল না তো হাতে; ছিল যে যার জীবনে দুটো মন ছিল জড়াজড়ি একসাথে/’ গানটিতে মূলত হারিয়ে ফেলা শৈশবের বন্ধুর স্মৃতিচারণা করেছেন শিল্পী। সেই সঙ্গে প্রত্যাশা করেছেন, ছোটবেলার বন্ধুটা যেন কেউ হারিয়ে না ফেলে।

বন্ধু তোকে মিস করছি ভীষণ

বন্ধুত্ব নিয়ে অনন্য গান এটি। ব্যান্ড তারকা পার্থ বড়ুয়ার কণ্ঠে গানটি প্রকাশিত হয়েছিল ‘দেবী’ অ্যালবামে। ‘একলা ঘর, ধুলো জমা গিটার/ পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সিপিয়র/ টি-শার্ট জিন্সগুলো দেয়ালে আছে/ শুধু মানুষটা তুই নেই, নেই তো কাছে/ ও বন্ধু তোকে, মিস করছি ভীষণ/ তোকে ছাড়া কিছুই আর জমে না এখন/’—এমন কথার গানটি রচনা করেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। বহু বছর ধরে বন্ধুদের আড্ডার অন্যতম অনুষঙ্গ হয়ে আছে গানটি।

‘পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক/ তোরা ছিলি তোরা আছিস, জানি তোরাই থাকবি/ বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কী লাগে/’—এ গান শোনেনি, এমন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। নিজের কথা ও সুরে গানটি গেয়েছেন তপু। তার একক অ্যালবাম ‘সে কে’তে প্রকাশিত হয়েছিল গানটি। সেই থেকে এখনো বন্ধুদের প্রিয় গান হয়ে আছে এটি।

বন্ধুত্ব নিয়ে সর্বশেষ জনপ্রিয় গান এটি। ২০২১ সালের ওয়েব ছবি ‘নেটওয়ার্কের বাইরে’র গান। ‘লাগলে বলিস, জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস, মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে/ চল বন্ধু চল…/’—এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর-সংগীতায়োজনে সাজিদ সরকার, আর গেয়েছেন ইব্রাহিম কামরুল শাফিন।

হঠাৎ রাস্তায়

বন্ধুত্ব বারবার নানাভাবে উঠে এসেছে কিংবদন্তি সংগীতকার কবীর সুমনের গানে। এর মধ্যে অনন্য এক গান ‘হঠাৎ রাস্তায়’। যেখানে তিনি এক বন্ধুর সঙ্গে অনেকদিন পর হঠাৎ দেখা হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। ‘হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে, হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে/ বন্ধু কী খবর বল? কত দিন দেখা হয়নি’। বরাবরের মতই গানটির কথা-সুরও তারই।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178514