দিনাজপুরে সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
মফস্বল ডেস্ক : দিনাজপুরের বিরলে সাবেক স্ত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল শনিবার (১ আগস্ট) রাতে এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত নারীর নাম সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)। তিনি উপজেলার বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী। প্রায় দুই মাস আগে অভিযুক্ত মাহবুবুর রহমানের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে সন্তানদের দেখার কথা বলে শ্যামলীর বাড়িতে যান মাহবুবুর রহমান। একপর্যায়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর শ্যামলীর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। গুরুতর অবস্থায় স্থানীয়রা শ্যামলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে পেট্রলের আলামত ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিরল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178493