মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ : নিহত ৩, আহত ২১

মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ : নিহত ৩, আহত ২১

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে তিনজন নিহত ও অন্তত ২১ জন আহত হয়েছে। রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় হাতে তৈরি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ২১ জন আহত হন। শহরের প্রাণকেন্দ্রের কাছে কুদ্রিনস্কায়া স্কোয়ারে স্থানীয় সময় রাত ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে।

জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) জানিয়েছে, বিস্ফোরকসহ এক নারী রেস্তোরাঁটিতে প্রবেশের চেষ্টা করলে একজন নিরাপত্তাকর্মী তাকে বাধা দেন। এ সময় বিস্ফোরকটি বিস্ফোরিত হলে ওই নারী, নিরাপত্তাকর্মী এবং রেস্তোরাঁটির একজন অতিথি নিহত হন। কর্তৃপক্ষ হতাহতদের নাম প্রকাশ করেনি আর কারা এ হামলার জন্য দায়ী হতে পারে, সে বিষয়েও কিছু বলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় একের পর এক মানুষকে রেস্তোরাঁ থেকে বের করে আনা হচ্ছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178479