জেন-জিদের উদ্দেশে যে কড়া বার্তা দিলেন অজিত ডোভাল
আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতার অর্থ শুধু নিজের ইচ্ছেমতো যা খুশি করা নয় বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং রাষ্ট্রগঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
শনিবার (১ আগস্ট) পুনেতে আয়োজিত ‘লোকমান্য তিলক জাতীয় পুরস্কার ২০২৬’ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে অবদানের স্বীকৃতি হিসেবে ডোভালের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তব্যে অজিত ডোভাল বলেন, বর্তমান প্রজন্ম যে স্বাধীনতা ভোগ করছে, তা লোকমান্য বাল গঙ্গাধর তিলকের সময়কার কঠিন বাস্তবতার তুলনায় সম্পূর্ণ ভিন্ন। সে সময়ের সংগ্রাম, ত্যাগ ও প্রতিকূল পরিস্থিতি আজকের তরুণদের পক্ষে পুরোপুরি উপলব্ধি করা কঠিন।
তিনি বলেন, অনেক তরুণ স্বাধীনতার অর্থকে নিজের ইচ্ছামতো যেকোনো কিছু করার অধিকার হিসেবে মনে করেন। কিন্তু প্রকৃত স্বাধীনতা মানে দায়িত্ববোধ, রাষ্ট্রের প্রতি অঙ্গীকার এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখা।
ডোভালের মতে, তিলকের জীবন ও দর্শন বুঝতে হলে তৎকালীন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তিনি তরুণদের তিলকের আদর্শ, আত্মত্যাগ ও রাষ্ট্রগঠনের চিন্তাভাবনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভারতের ইতিহাসে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় চলছে। এই সুযোগ কাজে লাগিয়ে তরুণদের ব্যক্তিগত লাভ-লোকসানের চিন্তার বাইরে গিয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে গেলে দেশ নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178471