শ্বাসনালীতে খাবার আটকে প্রাণ হারালেন ঢাবি অধ্যাপক

শ্বাসনালীতে খাবার আটকে প্রাণ হারালেন ঢাবি অধ্যাপক

ঢাবি প্রতিনিধি : ঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা আর নেই। গতকাল শুক্রবার (৩১ জুলাই) সকালে নাস্তা করার সময় শ্বাসনালিতে খাবার আটকে অচেতন হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

অধ্যাপক ড. দীপ্তি সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এক শোকবার্তায় তিনি বলেন, ড. দীপ্তি সাহা একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণায় তার অসামান্য অবদান উচ্চশিক্ষা অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল শুক্রবার বিকালে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক ড. দীপ্তি সাহার মরদেহ বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে আনা হয়।

এ সময় উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজধানীর পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178444