পঞ্চগড়ের আটোয়ারীতে কাঁচা মরিচসহ সবজির বাজারে স্বস্তি নেই
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় পঞ্চগড়ের আটোয়ারীতে সবজির বাজারে স্বস্তি নেই। সবজির বাজারে পটল, ঢেড়শসহ বিভিন্ন সবজির দাম প্রতিনিয়তই বাড়ছেই। ব্যবসায়ীরা বলছে বৈরী আবহাওয়ার কারণে সরবরাহে ঘাটতিতেই এমন অবস্থা বিরাজ করছে। কিন্তু প্রকৃত পক্ষে গত কয়েক দিনে তেমন কোন বৃষ্টিপাত না হলেও কতিপয় অসাধু ব্যবসায়ী বৈরী আবহাওয়াকেই দায়ী করছেন।
উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, মরিচ সহ সবজি ও ডিমের বাজারে হু-হু করে দাম বাড়ছে প্রতিনিয়তই। গত এক সপ্তাহ ধরে সবজির বাজার ঊর্ধ্বমুখী। কাঁচা-মরিচের দাম বাড়তে বাড়তে ৩ শত ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
যা গত এক সপ্তাহ আগেও ১ শত ৮০ টাকা থেকে ২ শত টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মাস খানেক আগেও বাজারে প্রতি কেজি পটল ৪০ টাকা ছিল সেই পটলের কেজি এখন ৮০ টাকা। এদিকে যে বেগুন মাস খানেক আগে ছিল ২০ থেকে ৩০ টাকা কেজি, সেই বেগুন এখন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
একই ভাবে বেড়েছে ঢেড়শ ও মিষ্টি কুমড়ার দাম। এখন প্রতি কেজি ঢেড়শ ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৩০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বাড়তে বাড়তে এখন ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা ও রসুনের দাম তেমন একটা বাড়েনি।
সবজি ব্যবসায়ী দুলাল হক জানান, আবহাওয়ার কারণে সরবরাহ কম থাকায় খুচরা বাজারে প্রভাব পড়েছে। অপরদিকে সবজির সাথে তাল মিলিয়ে ডিমের বাজারও ঊর্ধ্বমুখী। বাজারে প্রতি হালি ডিম ৪০ টাকার থেকে বেড়ে এখন ৪৬ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178434