‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত
করতোয়া বিনোদন : জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীল চোখ (দ্য ব্লু আইজ)’এর শুভ মহরত। আগামী ২৫ আগস্ট থেকে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৩১ জুলাই বিকেলে রাজধানীর মগবাজারের আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের অতিথি, কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
নির্মাতা মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়ক ও বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। কেক কেটে মহরতের উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও চিত্রনায়ক আদনান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন, বঙ্গবিডির হেড অব কনটেন্ট মো. আলী হায়দার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা খন্দকার সুমন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংস্কৃতিক সম্পাদক মারুফ আকীব, বগুড়া বৃহত্তর সমিতির সহসভাপতি জিন্নাতুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ব্যবস্থাপনা পরিচালকসহ অনেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সাধারণ সম্পাদক ও অভিনেতা এবিএম সোহেল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ক্রেডো ক্রিয়েটিভ ফিল্মের প্রযোজক ও অভিনেতা বিভান বাদল।
চলচ্চিত্রটির নির্মাতা সুপিন বর্মন বলেন, ‘নীল চোখ (দ্য ব্লু আইজ)’ একটি স্বাধীনধারার সাইকোলজিক্যাল থ্রিলার ও সেমি-হরর চলচ্চিত্র। মিস্ক আল মারুফের একটি রহস্যগল্পের ভাবনা থেকে নির্মিত এ ছবিতে হবিগঞ্জের সাতছড়ি, চা-বাগান ও স্থানীয় আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে। তিনি আশা প্রকাশ করেন, চলচ্চিত্রটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করবে।
বঙ্গবিডির হেড অব কনটেন্ট মো. আলী হায়দার বলেন, তরুণ নির্মাতাদের সম্ভাবনা বিবেচনায় প্রতিষ্ঠানটি চলচ্চিত্রটির কারিগরি সহায়তা ও ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।
অনুষ্ঠানে চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীরা আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। নির্মাতা জানান, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন আদনান আজাদ, মারুফ আকীব, এবিএম সোহেল রশিদ, বিধান রায়, শবনম রিতিকা ও জার্মিন। সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করবেন আশরাফুল ইসলাম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178376