বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার, মাইক্রোবাস জব্দ
স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর ও শিবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে ডিবির এসআই শামীম আহমেদের নেতৃত্বে ডিবির একটি টিম শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এসআর পার্সেল সার্ভিস অফিসের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস থামানো হয়।
এরপর ওই মাইক্রোবাসে (ঢাকা- মেট্রো চ-১৩-৬৬২০) তল্লাশি চালিয়ে আসামি নাজমুল (৩৮)কে গ্রেফতার করে তার হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত নাজমুল পাবনা সদরের উত্তর বড়দিয়াসাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে শাজাহানপুর থানায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে ওই মাইক্রোবাস জব্দ হয়েছে।
এদিকে, এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবির একই টিম শিবগঞ্জ উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে আরো এক হাজার পিস ইয়াবাসহ আসামি আমিনুল ইসলাম (৩৫) গ্রেফতার করে। ধৃত আমিনুল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের আনারুল ইসলামের ছেলে। আমিনুল মাদকসহ ১৬টি মামলার আসামি। তাকেও আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178326