প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট, গ্রেফতার ১

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট, গ্রেফতার ১

রাজশাহী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ.কে.এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে পলাশ চৌধুরী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (৩১ জুলাই) ভোরে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল নগরীর রাণীবাজারের ভাড়া বাসা থেকে পলাশকে গ্রেফতার করে। নগরীর মালোপাড়া এলাকার বাসিন্দা তিনি।

আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বাদি নুর মোহম্মদ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। গত ১ জুলাই বিকেলে তিনি দেখতে পান, কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীর নামে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

এ ঘটনায় ২ জুলাই রাজধানীর গুলশান থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। মামলার পর চারজনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় পলাশ চৌধুরীকেও গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178308