রাষ্ট্র হারলেও ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল
মামলায় রাষ্ট্র হেরে গেলেও যদি একজন সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হয়, তবে সেটিই একজন অ্যাটর্নি জেনারেলের সবচেয়ে বড় স্বস্তির বিষয় বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের কোটচাঁদপুর আগমন উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, ‘আইনের শাসনের মূল উদ্দেশ্য হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। রাষ্ট্র বা ব্যক্তি-কে জিতল, সেটি মুখ্য নয়; বরং প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিচারব্যবস্থা যখন একজন নাগরিককে তার প্রাপ্য ও সঠিক বিচার নিশ্চিত করতে সক্ষম হয়, তখন রাষ্ট্রের প্রতিনিধিরও সেখানে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ থাকে না। বরং এমন বিচার মানুষের মধ্যে আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা আরও সুদৃঢ় করে।
কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178295