ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষ, মাদরাসাশিক্ষকসহ নিহত ২

ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষ, মাদরাসাশিক্ষকসহ নিহত ২

ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চরমোনাই মাদরাসার ইংরেজি শিক্ষক আব্দুর রহিমসহ (৫০) দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম বরিশাল থেকে ঝালকাঠির কাঠালিয়ায় নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত চারজনের পরিচয়ও জানা যায়নি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বরিশাল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বরিশাল থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল।

পথে রাজাপুরের সমবায় এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে যান।

 

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178271