কলাবাগানে হোস্টেলে মিলল নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

কলাবাগানে হোস্টেলে মিলল নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

রাজধানীর কলাবাগান এলাকার ক্রিসেন্ট রোডের একটি মহিলা হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ক্রিসেন্ট রোডের ৭২ নম্বরের একটি পাঁচতলা ভবনের নিচতলার হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোস্টেলের কক্ষের দরজা ভেঙে পিংকির লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পুলিশ জানায়, পিংকি বিশ্বাসের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি গ্রামে।

জানা গেছে, হোস্টেলের ওই কক্ষে তিনজন শিক্ষার্থী থাকতেন। তবে বাকি দুজন ছুটিতে নিজ নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। সকালে হোস্টেলের মালিক নয়ন মিয়া বিষয়টি টের পেয়ে কলাবাগান থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178264