বায়ুদূষণে ১৫ নম্বরে ঢাকা, শীর্ষে উগান্ডার কাম্পালা
বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১৫তম অবস্থানে রয়েছে। আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের এর প্রকাশিত সূচকে ঢাকার এই অবস্থান দেখা যায়। ঢাকার বায়ুমান সূচক (এএকিউআই) স্কোর ১০২, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে ১৮৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৭১। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার বায়ুমান স্কোর ১৬৩। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৩২ স্কোর নিয়ে চতুর্থ এবং মিসরের রাজধানী কায়রো ১২৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178246