আজ অভিনেত্রী ববিতার জন্মদিন
বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন আজ। ৭৩ বছর পেরিয়ে ৭৪ বছরে পা রাখলেন ‘অশনি সংকেত’-এর অনঙ্গ বউ হিসেবে খ্যাত এই গুণী শিল্পী। প্রতি বছরের মতো এবারও ছেলে অনিকের সঙ্গে কানাডায় বিশেষ এই দিনটি উদযাপন করছেন তিনি।
১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে জন্ম নেওয়া ববিতার মূল নাম ফরিদা আক্তার পপি। মাত্র ১৩ বছর বয়সে জহির রায়হানের চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু হলেও পরবর্তীতে ১৯৬৯ সালে ‘শেষ পর্যন্ত’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। সত্যজিৎ রায়ের বিশ্ববিখ্যাত ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ান তিনি। সাড়ে তিনশরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেত্রী টানা তিনবারসহ মোট সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক লাভ করেছেন।
বিনোদন ডেস্ক : ববিতার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করছেন সহকর্মী ও অনুরাগীরা। জন্মদিনটি উদযাপনে আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ স্মারক অনুষ্ঠান ‘ববিতা সমগ্র’। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এতে ববিতাকে নিয়ে স্মৃতিচারণ করবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, আলমগীর, সোহেল রানা, জয়া আহসান, সুচন্দা, চম্পা ও শাকিব খানের মতো দেশের শীর্ষ তারকারা। এছাড়া তাঁর সম্মানার্থে ‘দ্য বেস্ট টুয়েন্টিফোর’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘আওয়ার ড্রিম গার্ল’ শিরোনামের বিশেষ একটি শুভেচ্ছা গান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178201