দৈনিক করতোয়া লোগো

প্রকাশের তারিখ: ৩০ জুলাই ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর

সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। এ সময় তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগানও দেন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে বলে দলটির নেতারা জানিয়েছেন।

এনসিপির অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের বহর গোলাপগঞ্জে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে বহরের কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় হামলাকারীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।

ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দুপুরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যান। সেখান থেকে গোলাপগঞ্জে কর্মসূচিতে যোগ দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি।

এনসিপির সিলেট জেলা শাখার নেতারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা দিতে এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে যুবদল ও ছাত্রদলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশও ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহ আলম বলেন, ‘ঢিল নিক্ষেপের ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরকে পুলিশি নিরাপত্তা (এসকর্ট) দিয়ে কানাইঘাটের উদ্দেশে পাঠানো হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178176