লেবাননে সামরিক অভিযান বাড়ানোর হুমকি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, দক্ষিণ লেবাননে দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে না, যতক্ষণ না দেশটির দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। পাশাপাশি নতুন করে বড় অভিযান পরিচালনার হুমকিও দিয়েছেন তিনি। খবর : আল জাজিরা।
বুধবার দক্ষিণ লেবাননের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। এয়াল জামির বলেন, লেবাননে আমরা বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছি এবং সেখানে থাকা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসে অভিযান চালিয়ে যাচ্ছি। প্রয়োজন হলে আমরা আমাদের সামরিক অভিযানের পরিধি আরও বিস্তৃত করে অতিরিক্ত এলাকায় অভিযান পরিচালনা করব। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের নিয়ন্ত্রণে নেওয়া এলাকা থেকে সেনা প্রত্যাহার করব না।
জামিরের এই বক্তব্য দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এসেছে। তার মন্তব্যকে ওই অঞ্চলে ইসরায়েলের সামরিক উপস্থিতি অব্যাহত রাখার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178156