ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই শিশুসহ নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
স্থানীয় কর্মকর্তারা জানান, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে আঘাত হানলে পাঁচ ও ১২ বছর বয়সি দুই শিশুকন্যাসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী কিয়েভেও একজন নিহত হয়েছেন। শহরের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাতভর হামলায় তিনটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের মেয়র আন্দ্রি সাদোভি জানান, সেখানে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া ইউক্রেনের আরও কয়েকটি শহরে হামলা হয়েছে। বিবিসি ইউক্রেনের খবরে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র দেশটির পশ্চিমাঞ্চল পর্যন্ত পৌঁছেছে। পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিবেশী পোল্যান্ড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সামরিক বিমান মোতায়েন করেছে বলে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে।
এদিকে রাশিয়ার পেনজা শহরে একটি গুদামে রাতের বেলায় হামলার খবর পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানান, ওয়াইল্ডবেরিজ নামে একটি প্রতিষ্ঠানের গুদামে হামলায় একজন আহত হয়েছেন। প্রতিষ্ঠানটিকে প্রায়ই ‘রাশিয়ার অ্যামাজন’ বলা হয় এবং সাম্প্রতিক সময়ে এর বিভিন্ন স্থাপনা ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। জেলেনস্কি আবারও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, মানুষের জীবন রক্ষার বিষয়টি সরাসরি নির্ভর করছে দেশটির জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের ওপর।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178153