আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির সান হুয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি সান হুয়ানের ইসচিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানে দাবানল নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হচ্ছিল। পরে এটি পার্শ্ববর্তী লা রিওহা প্রদেশে অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহায়তা করতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
সান হুয়ানের গভর্নর মার্সেলো অরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ‘গভীর শোকের সঙ্গে আমরা আমাদের প্রদেশে ঘটে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে এতে সাতজন প্রাণ হারিয়েছেন।’ তিনি জানান, নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য এবং বেসামরিক সুরক্ষা বিভাগের কর্মীরা রয়েছেন।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় সান হুয়ান প্রাদেশিক সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।
উল্লেখ্য, প্রায় অস্ট্রিয়ার সমান আয়তনের আধা-শুষ্ক অঞ্চল লা রিওহায় সপ্তাহের শুরু থেকেই একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় দমকল বিভাগের তথ্য অনুযায়ী, মাত্র তিন দিনেই শত শত হেক্টর বনভূমি পুড়ে গেছে। সূত্র: এএফপি
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178146