আবারও বাতিল হলো ঢাকায় অনুপম রায়ের কনসার্ট
বিনোদন ডেস্ক : ঢাকায় অনুপম রায়ের কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি শেষ হলেও শেষ মুহূর্তে আবারও তা স্থগিত করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।
আয়োজকদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ আগস্ট ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত জানানো হয়।
হঠাৎ এ সিদ্ধান্তে টিকিটধারী দর্শক, সংগীতপ্রেমী, শিল্পী, স্পন্সর ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছে উল্লেখ করে আয়োজকরা বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়ে তারা কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন।
কনসার্ট বাতিল হওয়ায় আয়োজকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে যেসব দর্শক টিকিট কিনেছেন, তাদের টিকিটের সম্পূর্ণ মূল্য অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
এর আগে গত ২৫ জুনও ঢাকায় অনুপম রায়ের আরেকটি নির্ধারিত কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছিল। ২৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সেই অনুষ্ঠানটিও বাতিল করেছিল আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। ফলে টানা দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুপম রায়ের নির্ধারিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হলো।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178139