এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে বিজিবি চাইল জেলা প্রশাসন

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে বিজিবি চাইল জেলা প্রশাসন

এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে সিলেটের পাঁচ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের আবেদন করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বুধবার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

জেলা প্রশাসক জানান, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের সুপারিশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য বিজিবি মোতায়েনের আবেদন করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বিজিবি মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করেই বিজিবি দায়িত্ব পালন করবে।

এনসিপির সিলেট জেলা সদস্যসচিব কামরুল আরিফ বলেন, বৃহস্পতিবার জেলার তিনটি এবং শুক্রবার আরও তিনটি উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে একই কর্মসূচি পালনের কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলায় এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করে দলটি। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178137