প্রধানমন্ত্রীর নির্দেশে শহীদ আরাফাত মুন্সীর পরিবারকে উপহার সামগ্রী
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আরাফাত মুন্সীর পরিবারের খোঁজখবর নিতে গোপালগঞ্জের মুকসুদপুরে পৌঁছেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের তত্ত্বাবধানে বুধবার (২৯ জুলাই) বিকেলে বনগ্রামে শহীদ আরাফাতের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
আরাফাত মুন্সীর বাড়িতে গিয়ে তার দাদির হাতে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা ছাত্রদলের নেতারা। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন ও পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আরাফাত যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে বলেও তারা উল্লেখ করেন।
ছাত্রদল নেতারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না এবং তাদের পরিবারের পাশে থাকা জাতীয়তাবাদী ছাত্রদলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শহীদ পরিবারের খোঁজখবর ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তারা।
এ সময় উপহার সামগ্রী পেয়ে শহীদ আরাফাতের দাদি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়নের বনগ্রামে শহীদ আরাফাত মুন্সীর কবর জিয়ারত করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল মাতুব্বর ও জোবায়ের আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক কাজী নুরুল ইসলাম নয়ন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসীন মোল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দীপুসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178136